আনোয়ারাসহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল
পরীক্ষা চলাকালীন উপজেলার প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত বলবৎ থাকবে।
আনোয়ারাসহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল | ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারা উপজেলা এবং চট্টগ্রাসহ সারা বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
আনোয়ারা উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্রসহ চট্টগ্রাম অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।
পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগ থেকেই শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞানে মোট ৩৪ হাজার ৯৮০ জন, মানবিকে ৪৩ হাজার ৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী রয়েছে। চট্টগ্রাম জেলা (মহানগরসহ) থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে, যার মধ্যে ছাত্র ৪০ হাজার ১৮৪ জন এবং ছাত্রী ৫২ হাজার ১১২ জন। এছাড়া পার্বত্য তিন জেলা ও কক্সবাজার থেকেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী রয়েছে। পুরো অঞ্চলের ১,২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ২১৮টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।
আনোয়ারাসহ পুরো চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা বোর্ড নিয়েছে জিরো টলারেন্স নীতি। প্রশ্নফাঁসের গুজব রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। নজরদারি জোরদার করতে ৬৬টি সাধারণ ও ১০টি মোট ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরীক্ষার হলে শুধু কাঁটাযুক্ত (এনালগ) ঘড়ি ব্যবহারের অনুমতি রয়েছে। অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজ প্রতিষ্ঠানে নয়, বরং নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে পরীক্ষা চলাকালীন মহানগরীর প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে সভা-সমাবেশ, মিছিল, উচ্চ শব্দ সৃষ্টি এবং অস্ত্র বহন নিষিদ্ধ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিপিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এই লিখিত পরীক্ষা ২০ মে পর্যন্ত চলবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।