আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক এবং হত্যাচেষ্টাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখম সংক্রান্ত মামলা।
ফটো: সংগৃহীত
আনোয়ারায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আলোচিত ডাকাত মোহাম্মদ আলী (৫২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজীগাঁও রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ আলীকে গ্রেপ্তারে অভিযানে নেতৃত্ব দেন আনোয়ার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছিমের একটি টিম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক এবং হত্যাচেষ্টাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখম সংক্রান্ত মামলা।
মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০১০ সালের একটি ডাকাতি মামলা, ২০১৭ সালের অস্ত্র ও হত্যাচেষ্টা-চাঁদাবাজির মামলা, ২০১৯ সালের একাধিক হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদক মামলা এবং ২০২০ ও ২০২৩ সালের পৃথক হত্যাচেষ্টা ও অস্ত্র সংক্রান্ত মামলায় তিনি দীর্ঘ দিন ধরে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ও ১০টি মামলার আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য আনোয়ারা থানা পুলিশের একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।