আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল
স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পুরস্কার নিচ্ছেন এসআই শিমুল | ফটো: সংগৃহীত
আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেয়েছেন আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাস।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই পুলিশ কর্মকর্তার হাতে সনদপত্র ও আর্থিক সম্মানী তুলে দেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও তিনজন পুরস্কৃত
পুলিশ সূত্র জানায়, সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের চারটি বিশেষ ঘটনায় জেলা পুলিশের চারজন সদস্য এই পুরস্কার পান।
শিমুল চন্দ্র দাস ছাড়া অন্য তিনজন হলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, এসআই মো. আবু সেলিম রেজা ও কনস্টেবল রিমন।
পুলিশ ও থানাসূত্রে জানা যায়, গত ১৩ জুন (শনিবার) আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এটি একটি ক্লুলেস (সূত্রবিহীন) মামলা ছিল। ঘটনার পর দ্রুত তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মুঠোফোন উদ্ধার করা হয়।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ‘এই অর্জন শুধু আনোয়ারা থানা-পুলিশের নয়, পুরো উপজেলার মানুষের। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না।’
অপরাধ দমনে কোনো আপস করা হবে না জানিয়ে ওসি আরও বলেন, এলাকায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।