আনোয়ারায় আওয়ামী লীগ নেতাসহ আটক ২
রবিবার রাতে ও সোমবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এবং চাতরী ইউনিয়নের রুদুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফটো: সংগৃহীত
আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক সহ-সভাপতি ও যুবলীগ কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ও সোমবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এবং চাতরী ইউনিয়নের রুদুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম এবং চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী মোহাম্মদ আলী প্রকাশ মহিবুল্লাহ (৩৫)।
সোমবার তাদের পৃথকভাবে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ জুন) রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ১ নম্বর বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করাসহ তার বিরুদ্ধে নানা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এছাড়া সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলারও এজাহারনামীয় আসামি তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্ত অন্যান্য অভিযোগগুলোও পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
এদিকে, সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার আইয়ুব আলী কন্ট্রাক্টরের বাড়ি থেকে দীর্ঘ দিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলী প্রকাশ মহিবুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, মহিবুল্লাহ দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন।
আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবারই তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।