আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী ২ নম্বর ওয়ার্ডের দোভাষী বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী ২ নম্বর ওয়ার্ডের দোভাষী বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মোহাম্মদ নজরুল ইসলাম (৪২) স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগে তিনি দাবি করেন, আত্মীয়তার সূত্রে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক লেনদেন ছিল। পরবর্তীতে ওই লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পারিবারিকভাবে বিষয়টির নিষ্পত্তি হলেও সেই বিরোধের জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের মৃত ইউনুছের ছেলে মোহাম্মদ ছৈয়দ (৫০), জয়নাল আবেদীন ওরফে আবুদ্দিন (৫৫) এবং মৃত মনির আহমদের ছেলে আবদুর রহমান (৬২)-কে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার রাতে একা পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে তিনি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোনায়েদ চৌধুরী বলেন, বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।