আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে!
মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত দম্পতির মাদকাসক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
নিহত কল্পনা দাশ ও স্বপন দাশ | ফটো: সংগৃহীত
আনোয়ারায় পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে একমাত্র ছেলের নৃশংস ছুরিকাঘাতে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫) নামের এক দম্পতি নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত দম্পতির মাদকাসক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, আটক রিমন দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে তাঁকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েও সুস্থ ধারায় ফেরানো যায়নি।
শনিবার সকালে তিনি মা-বাবাকে সঙ্গে নিয়ে বাইরে যান এবং বেলা পৌনে ১২টার দিকে একসঙ্গে বাড়িতে ফিরে আসেন। কিন্তু ঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই রিমন হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে নিজের মায়ের ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় স্ত্রীকে বাঁচাতে পিতা স্বপন দাশ গুপ্ত এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন রিমন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করার চেষ্টা চালান।
ঘটনাস্থলেই মা কল্পনা দাশের মৃত্যু হয় এবং গুরুতর আহত বাবা স্বপন দাশ গুপ্তকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার খবর পেয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমনকে হাতেনাতে আটক করে।
পুলিশ জানায়, নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মর্মান্তিক এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।