আনোয়ারায় বাবার লাশ দাফনের সময় পরিবারের ওপর হামলা, প্রতিবেশী গ্রেপ্তার
বাবার মরদেহ দাফনে বাধা ও স্বজনদের ওপর হামলার ঘটনায় আহতদের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছিল।
ফটো: সংগৃহীত
আনোয়ারায় পারিবারিক কবরস্থানে বাবার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের বর্বর হামলার শিকার হয়েছেন ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা।
এ ঘটনায় দায়ের করা মামলায় মো. নুরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়া মাঝির নতুন বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন ভোর সাড়ে ৫টার দিকে বরুমচড়া ইউনিয়নের দইয়া মাঝি এলাকার পারিবারিক কবরস্থানে বাবার দাফনের জন্য কবর খনন করতে যান মো. ওসমান গনি ও তার স্বজনরা। ওই সময় প্রতিবেশী নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা জায়গাটির মালিকানা দাবি করে কবর খননের কাজে বাধা দেন।
এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওসমান গনি, তার বোন নার্গিস আক্তার (৪০) এবং পরিবারের অন্য সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান।
হামলায় নার্গিস আক্তারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা নার্গিস আক্তারের পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন বলেও এজাহারে অভিযোগ করা হয়।
পরবর্তীতে এই অমানবিক ঘটনার প্রতিকার চেয়ে গত ২২ জুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওসমান গনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবার মরদেহ দাফনে বাধা ও স্বজনদের ওপর হামলার ঘটনায় আহতদের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছিল।
পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম এজাহারনামীয় আসামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সাথে জড়িত মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।