আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক
শনিবার সকালে তিনি হঠাৎ শারীরিকভাবে তীব্র অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মিল্টন | ফটো: সংগৃহীত
আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খাঁন মিল্টন (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে তিনি হঠাৎ শারীরিকভাবে তীব্র অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই অকালমৃত্যুতে আনোয়ারার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদ উদ্দিন খাঁন মিল্টনের হঠাৎ ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, ফরিদ উদ্দিন খাঁন মিল্টন দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে বিএনপির পতাকাতলে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ, বিশ্বস্ত ও ত্যাগী সহযোদ্ধাকে হারালো যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।