আনোয়ারায় বিএনপি নেতার ইয়াবা সেবনের ঘটনায় তোলপাড়!
একজন সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
আনোয়ারায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই এক বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হককে নিজ কক্ষে বসে মাদক গ্রহণ করতে দেখা যায়। একজন সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত আবদুল হক রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারিস মাঝির বাড়ির মৃত সিদ্দিক আহমেদের ছেলে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মাদক গ্রহণ করতে দেখা গেছে। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতা মিল্টন প্রতিক্রিয়ায় জানান, আবদুল হক ব্যক্তিগতভাবে ভালো মানুষ হলেও তিনি যে ইয়াবায় আসক্ত, সেটি সত্য।
যোগাযোগ করা হলে আবদুল হক প্রথমে বিষয়টি অস্বীকার করলেও ভিডিওর প্রমাণের কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন। আত্মপক্ষ সমর্থন করে তিনি পাল্টা যুক্তি দেন যে, এটি তার নিজের ঘরের বিষয়। একপর্যায়ে তিনি সংবাদকর্মীর ওপর চড়াও হন এবং ফোন কেটে দেন। এর আগে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন তিনি।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এলাকায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। এমপির এমন কঠোর অবস্থানের মধ্যে দলীয় নেতার মাদাসক্ত হওয়ার খবরটি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমপি সরওয়ার জামাল নিজাম জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে চলমান অভিযান সফল করতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।