আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, এবার বাজেটে বেড়িবাঁধের জন্য বরাদ্দকৃত অর্থের একটা টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না
ফটো: সংগৃহীত
আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি এই ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “যে কারণেই হোক, সরকার পারছে না। এখন একে অপরকে দোষ দিয়ে লাভ নেই, মূল বিষয় হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে।”
পরিস্থিতি মোকাবিলায় দল-মত নির্বিশেষে ছাত্র সমাজ ও সামর্থ্যবানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বন্যা ও বাজেট প্রসঙ্গে বিরোধী দলীয় হুইপ বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে তারা বারবার কথা বলছেন। চট্টগ্রাম, পার্বত্য অঞ্চল ও কক্সবাজারে বৃষ্টি শুরু হলেই তারা সংসদে সোচ্চার হয়েছেন। অথচ ত্রাণ মন্ত্রী সংসদে নানা ব্যবস্থার কথা বললেও, খোদ প্রধানমন্ত্রী নিজেই স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তায় নাখোশ বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে।
আনোয়ারার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেহাল দশা এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “এখানে দীর্ঘ এক সপ্তাহ ধরে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ স্থানীয় এমপি কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি, মানুষ কোনো সরকারি ত্রাণও পায়নি।”
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তবে এবার বাজেটে বেড়িবাঁধের জন্য বরাদ্দকৃত অর্থের একটা টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না এবং দ্রুত বাঁধের কাজ শেষ করতে সংসদে শক্তভাবে কথা বলা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হুইপ নাহিদ। তিনি জানান, আনোয়ারার কার্যক্রম শেষে তারা বাঁশখালীসহ বন্যাদুর্গত অন্যান্য জেলাগুলোতেও নিজেদের সক্ষমতা অনুযায়ী ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা ও জরুরি যেকোনো প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।