আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা
জিজ্ঞাসাবাদে তারা শরীরের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
আটক দুই রোহিঙ্গা | ফটো: র্যাব ৭
আনোয়ারায় বিশেষ অভিযানে দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের পেট থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফিউল্লাহ (৩৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলার তৈলারের দ্বীপ সরকারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীরের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় পেটের ভেতরে মাদকের অস্তিত্ব নিশ্চিত হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পর্যবেক্ষণে কয়েক দফায় মলত্যাগের মাধ্যমে তাদের শরীর থেকে কালো স্কচটেপে মোড়ানো ৯০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৯ হাজার ইয়াবা ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।