আনোয়ারায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ পরিবারের
নিহতের স্ত্রী জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে জিকু গত কয়েক দিন ধরে মানসিকভাবে বেশ হতাশায় ভুগছিলেন। টাকা নিয়ে সমস্যার কথা জানালেও তিনি বিস্তারিত কোনো তথ্য পরিবারের সাথে শেয়ার করতেন না।
আনোয়ারা থানা ভবন | ফটো: সংগৃহীত
আনোয়ারা উপজেলায় জিকু সর্দ্দার (৩৫) নামে এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে আনোয়ারা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।
নিহত জিকু সর্দ্দার উপজেলার সদর ইউনিয়নের বিলপুর হাঁড়িপাড়া এলাকার বাসিন্দা। তবে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে ঘনপুকুরপাড়ের ভট্টাচার্য নিবাস কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্ত্রীর বোনের স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে জিকু সর্দ্দারের বিরোধ ছিল। সেই আর্থিক বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হতে পারে বলে স্বজনদের দাবি।
নিহতের স্ত্রী জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে জিকু গত কয়েক দিন ধরে মানসিকভাবে বেশ হতাশায় ভুগছিলেন। টাকা নিয়ে সমস্যার কথা জানালেও তিনি বিস্তারিত কোনো তথ্য পরিবারের সাথে শেয়ার করতেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, জেলে জিকু সর্দ্দারের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।