আনোয়ারায় কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩ লাখ ১৫ হাজার টাকা লুট
রাতের কোনো এক সময় এক ব্যক্তি অত্যন্ত গোপনে দোকানে প্রবেশ করে এবং ক্যাশবাক্স থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়।
ফটো: বাসস
আনোয়ারায় একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকার জে আর রহমান মার্কেটের ‘বিসমিল্লাহ ক্লথ স্টোর’ নামের একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, চোর চক্র দোকানের লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা লুটে নিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক ও অভিযোগকারী আবদুর রহিম (৫১) জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন শনিবার সকালে যথানিয়মে দোকান খোলার পর ভেতরের জিনিসপত্র অস্বাভাবিক ও এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হলে তিনি দোকানের লোহার গ্রিল ক্ষতিগ্রস্ত অবস্থায় লক্ষ্য করেন। পরবর্তীতে দোকানে স্থাপিত সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাতের কোনো এক সময় এক ব্যক্তি অত্যন্ত গোপনে দোকানে প্রবেশ করে এবং ক্যাশবাক্স থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়।
ঘটনার পর পরই দোকান মালিক আবদুর রহিম সিসিটিভি ফুটেজসহ আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাপড়ের দোকানে চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তসহ চুরি হওয়া টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।