আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
এলাকায় দিন দিন মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা ও গায়ের জোরে সাধারণ মানুষের জায়গা-জমি দখল হচ্ছে।
ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারার উত্তর বরুমচড়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও অবৈধভাবে জায়গা-জমি দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার উপজেলার উত্তর বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘স্থানীয় সচেতন এলাকাবাসী’র ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা ও গায়ের জোরে সাধারণ মানুষের জায়গা-জমি দখলের মতো সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একটি চিহ্নিত অপরাধী চক্রের এসব বেপরোয়া কর্মকাণ্ডের কারণে এলাকার দীর্ঘদিনের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।
বিক্ষুব্ধ সমাজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে বক্তারা অনতিবিলম্বে এসব অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
একই সঙ্গে এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে স্থানীয় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন অংশগ্রহণকারীরা।
উক্ত প্রতিবাদী সমাবেশে স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন মো. ইসহাক, এয়ার মুহাম্মদ, ইমাম শরীফ প্রকাশ খলিলুর রহমান, নাজিম উদ্দীন, নাসির প্রকাশ সেন্টু, মুহাম্মদ মোজাম্মেল হক, মো. সাইফুল আলম, আবু শামা, মো. ফারুক, মো. ফজল, মো. মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন ও নাছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।