আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী
দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা চলায় তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে, যা পুরো সামাজিক পরিবেশকে মারাত্মক উদ্বেগের মধ্যে ফেলেছে।
বৈরাগে রাজপথে এলাকাবাসী | ফটো: সংগৃহীত
আনোয়ারায় মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে একাট্টা হয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা চলায় তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে, যা পুরো সামাজিক পরিবেশকে মারাত্মক উদ্বেগের মধ্যে ফেলেছে।
এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কোনোভাবেই মাদকের ব্যবসা চলতে দেওয়া হবে না। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মাদক কারবারিদের অনতিবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মাদক নির্মূলে এলাকার সাধারণ মানুষের তথ্য দিয়ে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।