আনোয়ারায় নিজ ঘর থেকে ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
রায়পুর ইউনিয়ন পরিষদ ম্যাপ | ফটো: উইকিপিডিয়া
আনোয়ারা উপজেলায় শাহাবুদ্দিন (৩৫) নামে এক ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাবুদ্দিন ওই এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং নদীপথে চলাচলকারী মালবাহী ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাবুদ্দিন নানা মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার তীব্র কথা-কাটাকাটি হয়। পরে রাতের শেষভাগে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে পড়েন।
বুধবার ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী।
একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে গিয়ে ঘরের আড়ার (সিলিংয়ের কাঠ) সঙ্গে শাহাবুদ্দিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে আনোয়ারা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের
প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি আত্মহত্যা নাকি অন্য কিছু সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।