আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ৫টি গরুসহ ১৬ লাখ টাকার মালামাল লুট
সবমিলিয়ে ডাকাতদের এই হামলায় তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ফটো: সংগৃহীত
আনোয়ারায় একটি বসতবাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার বারশত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হরিপদ চৌধুরী বাবুলের বাড়িতে এই ঘটনা ঘটে।
সশস্ত্র ডাকাত দল এ সময় ঘর ও খামার থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু, ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ টাকাসহ সর্বমোট প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী দীপক হাওলাদার বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত দীপক হাওলাদার জানান, সোমবার মধ্যরাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল আকস্মিকভাবে তার বাড়িতে হানা দেয়।
ঘরে প্রবেশ করেই ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির কাজের লোক, তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। এরপর তাদের সবার হাত-পা বেঁধে একটি নির্দিষ্ট কক্ষে আটকে রেখে পুরো বাড়িতে লুটপাট চালায়।
ডাকাত দল খামারে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি বড় গরু, ঘরের আলমারি ভেঙে স্ত্রীর তিন ভরি স্বর্ণালঙ্কার এবং তার মায়ের বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের জন্য জোগাড় করে রাখা নগদ এক লাখ টাকা লুটে নেয়।
সবমিলিয়ে ডাকাতদের এই হামলায় তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানান, রাতে ওই এলাকায় একটি চুরির লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা শুরু করেছে।
ঘটনার সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।