আনোয়ারায় পানিবন্দী মানুষদের ত্রাণসামগ্রী দিলেন ইউএনও
আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বারখাইনে ত্রাণ বিতরণ করছেন ইউএনও মোঃ মহিন উদ্দীন | ফটো: সংগৃহীত
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সরাসরি তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ত্রাণসামগ্রী।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার উপকূলীয় রায়পুর, জুঁইদণ্ডী ও বারখাইন ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে নিজে উপস্থিত থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউএনও মো. মহিন উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জুঁইদণ্ডী, রায়পুর, বারখাইন, বৈরাগ ও বারশত ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এসব শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
অবশিষ্ট ইউনিয়নগুলোতেও দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
এদিকে, ভারী বর্ষণজনিত যেকোনো সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলার ৫৯টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন দেখা দিলেই ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ এসব আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, "বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রশাসনের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে এবং মাঠপর্যায়ে কাজের সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।"