আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত
টাকার লেনদেন নিয়ে সোহেল ও গিয়াস উদ্দিনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
প্রতীকী ছবি | ফটো: পিক্সাবে
আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে মো. সোহেল (২২) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার খবর পাওয়া গেছে।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীপু মনি শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ আলমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী যুবক মো. গিয়াস উদ্দিন (২৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকার লেনদেন নিয়ে সোহেল ও গিয়াস উদ্দিনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে দীপু মনি শপিং কমপ্লেক্সের সামনে এ নিয়ে দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাস বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে ফেলে যাওয়া রক্তমাখা ছুরিটি উদ্ধার করে।
আহত যুবকের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে যে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল, তবে টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”