আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১
পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ছোট ছোট ১১৮টি ইয়াবার পোটলা বের করা হয়।
প্রতীকী ছবি | ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারা উপজেলায় পেটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দোস্ত মোহাম্মদ নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। পরে তার পেট থেকে ১১৮টি পোটলায় মোট ৫ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সংলগ্ন সরকারহাট ও তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্রিজের ওপর একটি সাময়িক চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দোস্ত মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হলে তার আচরণ সন্দেহজনক মনে হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি পেটের ভেতর ইয়াবা বহন করছেন।
আটককৃত ব্যক্তিকে এরপর তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার এক্স-রে করানো হলে পেটের ভেতর ইয়াবার পুটলি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ছোট ছোট ১১৮টি ইয়াবার পোটলা বের করা হয়। পোটলাগুলো খুলে গণনা করে মোট ৫৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে তাকে থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।