আনোয়ারায় সাগরে তলিয়ে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
নিহত জেলে গফুর আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকার সাবের আহম্মদের ছেলে।
প্রতীকী | ফটো: সংগৃহীত
আনোয়ারায় সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া গফুর আলম (২১) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝির ঘাট সংলগ্ন সাগরের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত জেলে গফুর আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকার সাবের আহম্মদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক জানান, গত রবিবার দুপুরে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট থেকে গফুরসহ চারজন জেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ট্রলারে ওঠার মুহূর্তে আকস্মিকভাবে পা পিছলে সাগরে পড়ে স্রোতে তলিয়ে যান গফুর। এ সময় সাথে থাকা সহকর্মীরা দ্রুত নৌকা নিয়ে সাগরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে অকুস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে ছত্তার মাঝির ঘাট এলাকায় সাগরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিথর দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাগরের চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে নিহতের বাবা উপস্থিত হয়ে ছেলের লাশ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।