আনোয়ারায় তিন দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
পাশাপাশি, টানেল মোড়সহ যানজটপ্রবণ এলাকাগুলোতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং উপজেলার বিভিন্ন শিল্প-কারখানায় স্থানীয় শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
ফটো: সংগৃহীত
আনোয়ারায় স্বাস্থ্যসেবার উন্নয়ন, যানজট নিরসন এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাতুরী ইউনিয়নের টানেল মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং সেখানে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানান। পাশাপাশি টানেল মোড়সহ যানজটপ্রবণ এলাকাগুলোতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং উপজেলার বিভিন্ন শিল্প-কারখানায় স্থানীয় শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা আমির হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন তালুকদার।
এ সময় সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আনোয়ারা দেশের অন্যতম শিল্পাঞ্চলে পরিণত হলেও স্বাস্থ্যসেবা, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্থানীয়দের কর্মসংস্থানের ক্ষেত্রে এখনো নানা সমস্যা বিদ্যমান। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধন থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের প্রতি তিন দফা দাবি জাতীয় সংসদে উত্থাপন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।