আওয়ামীলীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার হাতেঃ জয়নুল আবেদিন ফারুক
ফটো: সংগৃহীত
আওয়ামীলীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রবীণ এই রাজনৈতিক নেতা।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে কোনো ধরনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধের ক্ষেত্রে দলের কোনো নেতা বা কর্মী হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
মাদক ও অপরাধের বিরুদ্ধে নিজের জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জয়নুল আবদিন ফারুক আরও জানান, ইতিমধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যারা এখনো দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তারা দ্রুত সংশোধন না হলে তাদেরও পুলিশের হাতে সোপর্দ করা হবে।
বক্তব্যে এলাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও অনিয়ম নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন নোয়াখালী-২ আসনের এই এমপি।
তিনি বলেন, গ্রামীণ যে রাস্তাগুলো দিয়ে সর্বোচ্চ দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক নিয়ম ভেঙে ২০ টনের ভারী ট্রাক চালাচ্ছে। এর ফলে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে তছনছ হয়ে যাচ্ছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নিজের রাজনৈতিক ভাবনা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ মানুষের মন জয় করতে পারেন, তবে জনগণ আগামী নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে।
সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতির প্রতি জোর দিয়ে ফারুক বলেন, বিএনপি কোনো অবস্থাতেই বিদায়ী আওয়ামী লীগের মতো জোরজুলুম করে কিংবা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করবে না।