বাঁশখালীতে চিকিৎসায় অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগঃ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা, পুলিশ মোতায়েন
ফটো: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা এবং সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণেই শিশুটি প্রাণ হারিয়েছে।
রবিবার (২১ জুন) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের ডাক্তার ও নার্সদের ওপর হামলা চালালে হাসপাতাল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত আয়াতুল ইসলাম বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে রাত ৮টার দিকে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল এবং রবিবার দুপুর পর্যন্ত সে অনেকটাই সুস্থ ছিল। তবে স্বজনদের দাবি, দুপুরে একজন অদক্ষ নার্স শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের গাফিলতি ও অবহেলার কারণেই অবুঝ শিশুটির জীবনপ্রদীপ নিভে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এদিকে, শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন এবং হামলা চালান বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, হাসপাতালে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপস্থিত চিকিৎসক ডা. মুমিনুল হক জানান, নিউমোনিয়া আক্রান্ত অবস্থায় শনিবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, “হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”