বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী
ত্রাণ বিতরণের পাশাপাশি নাজনিন নিজাম দুর্গত পরিবারগুলোর ঘরে ঘরে যান এবং পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর নেন।
জেলেপাড়ায় ত্রাণ উপহার দিচ্ছেন নাজনীন নিজাম | ফটো: সংগৃহীত
আনোয়ারার বারখাইন ইউনিয়নের জেলে পাড়ায় সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী নাজনিন নিজাম।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বারখাইন ইউনিয়নের জেলেপাড়ায় এ ত্রাণ উপহার প্রদান করা হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি নাজনিন নিজাম দুর্গত পরিবারগুলোর ঘরে ঘরে যান এবং পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর নেন।
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্টের কথা শুনে তিনি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
দুর্যোগের এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আমাদের সবাইকে সাধ্যমতো একে অপরের পাশে এসে দাঁড়াতে হবে।
চরম সংকটের মুহূর্তে হাতে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী পেয়ে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।