বিয়ে না দেওয়ায় মা-বাবাকে খুনঃ আনোয়ারায় ঘাতক ছেলের বিরুদ্ধে মামলা দায়ের
অভিযুক্ত রোমি রাজ দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিলেন এবং পাবনার একটি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা শেষে তিন-চার মাস আগে বাড়িতে ফেরেন।
বাবা-মার ঘাতক ছেলে রোমি রাজ | ফটো: প্রিয় আনোয়ারা
আনোয়ারায় পারিবারিক কলহ ও বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে নিজ মা-বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩২) প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত স্বপন দাশগুপ্তের ভাই ও অভিযুক্তের চাচা তপন দাশগুপ্ত (৫৭) বাদী হয়ে শনিবার রাতে আনোয়ারা থানায় এই হত্যা মামলাটি করেন।
হত্যাকাণ্ডের পরপরই রক্তমাখা আলামতসহ অভিযুক্ত রোমি রাজকে পুলিশ হাতেনাতে আটক করে এবং আজ তাঁকে আদালতে পাঠায়।
মামলার এজাহার থেকে জানা যায়, নিহত স্বপন দাশগুপ্ত (৬৫) ও কল্পনা দাশগুপ্ত (৫৫) উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের চৈতন্য মহাজন বাড়ির বাসিন্দা।
অভিযুক্ত রোমি রাজ দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিলেন এবং পাবনার একটি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা শেষে তিন-চার মাস আগে বাড়িতে ফেরেন।
সম্প্রতি বিয়ে করা নিয়ে পরিবারের সঙ্গে তাঁর নতুন করে বিরোধ ও ঝগড়া-বিবাদ তৈরি হয়। এর ধারাবাহিকতায় গত শনিবার দুপুরে বিয়ে না দেওয়া নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি দিয়ে মা কল্পনা দাশগুপ্তের ওপর এলোপাতাড়ি হামলা চালান রোমি রাজ।
এতে ঘটনাস্থলেই তাঁর মায়ের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে বাঁচাতে পিতা স্বপন দাশগুপ্ত এগিয়ে এলে তাঁকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনিও মারা যান।
মামলার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ও তদন্তকারী কর্মকর্তা (এসআই) আতিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মূলত পারিবারিক কলহ ও সন্তানের অবাধ্যতার জেরেই এই নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক ছেলেকে রক্তমাখা আলামত ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিসহ গ্রেপ্তার করে।
নিহতের ভাই মামলা দায়ের করার পর আসামিকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।