বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের
উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ওয়ার্ডভিত্তিক নির্ভুল তালিকা তৈরির পাশাপাশি দুস্থদের দ্রুত আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফটো: প্রিয় আনোয়ারা
ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারার দুর্গত মানুষ এবং প্লাবিত পুকুরের মাছচাষীদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখা।
সোমবার (২০ জুলাই) বিকেলে আয়োজিত এক দলীয় বৈঠকে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ওয়ার্ডভিত্তিক নির্ভুল তালিকা তৈরির পাশাপাশি দুস্থদের জন্য দ্রুত সরকারি-বেসরকারি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এ আহ্বান জানায় দলটি।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে এই কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ কে এম ফরিদুল আলম।
বৈঠকে সাম্প্রতিক লাগাতার অতিবর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পুকুর ভেসে গিয়ে মাছচাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি সংস্কার ও আর্থিক ক্ষতির মুখে পড়া খামারিদের আবার ঘুরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে সামাজিক ও মানবিক সহায়তা দেওয়া আবশ্যল।
এই লক্ষ্য বাস্তবায়নে অতি দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করার দাবী জানানো হয় বৈঠক থেকে।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ আবুল হাছান, মোহাম্মদ শহীদুল্লাহ, নাছির উদ্দিন শাহ, মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী এবং হাফেজ মোহাম্মদ হারুনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।