বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা
পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফটো: সংগৃহীত
আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুলাই) পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযান সূত্রে জানা গেছে, বৈরাগ এলাকার একটি প্রাকৃতিক ছড়া থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
সরেজমিনে ছড়া থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও এলাকার স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ বিনষ্টকারী বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।