বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারায় বাংলা নববর্ষ বরণ
নববর্ষের আমেজ ছড়িয়ে দিতে উপজেলা জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজন করা হয় বাঙালি খাবারের স্টল। পান্তা-ইলিশের পাশাপাশি পিঠা-পুলি, খৈ-চিঁড়া ও মুড়কিসহ নানা দেশীয় স্বাদের খাবারে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারায় বাংলা নববর্ষ বরণ | ফটো: প্রিয় আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাবারের আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। খবর দৈনিক নয়া দিগন্তের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের সুরের মূর্ছনায় দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।
এবারের নববর্ষের মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুদ্ধার’। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ঐতিহ্যবাহী মুখোশ ও আলপনা খচিত প্রতীক নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মো. শামীম আহমেদ সরকারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
শোভাযাত্রা পরবর্তী পর্যায়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরেন।
নববর্ষের আমেজ ছড়িয়ে দিতে উপজেলা জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজন করা হয় বাঙালি খাবারের স্টল। পান্তা-ইলিশের পাশাপাশি পিঠা-পুলি, খৈ-চিঁড়া ও মুড়কিসহ নানা দেশীয় স্বাদের খাবারে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সমৃদ্ধ আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। পুরো উপজেলা জুড়ে দিনভর ছিল নববর্ষের উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।