চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গত ১৬ জুলাই তা আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন | ফটো: সংগৃহীত
আবন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হতে যাচ্ছে। পরীক্ষার্থীরা তাদের পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ীই এই অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। আর আগে যেসব পরীক্ষা দেশের অন্যত্র হলেও চট্টগ্রামে স্থগিত রাখা হয়েছিল, সেগুলোর জন্য পরবর্তীতে পৃথক নতুন রুটিন প্রকাশ করে পরীক্ষা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং যাতায়াতের অসুবিধা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বর্তমানে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ইতিবাচক প্রতিবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষাগুলো আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগে যেসব বিষয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় মানসিক ও একাডেমিক প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
উল্লেখ্য, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গত ১৬ জুলাই তা আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়। এই সময়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত ছিল, যদিও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা স্বাভাবিকভাবেই পরিচালিত হয়ে আসছে।