চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ‘লাল টুপি’ মিছিল, জানে না পুলিশ
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ‘লাল টুপি’ মিছিল, জানে না পুলিশ | ফটো: প্রিয় আনোয়ারা
চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ‘লাল টুপি’ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে বর্তমান নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের মিছিল বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (১৭ এপ্রিল) জুমার পর চাদগাঁও থানাধীন কুয়াইশ রোড সংলগ্ন এভার কেয়ার হাসপাতাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আয়োজকদের দাবি, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির নির্দেশনায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
তবে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন নিউজনাউ প্রতিবেদককে বলেন, আমি এই প্রথম বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। থানা পুলিশ কিংবা কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকেও এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি। এ ধরনের কোনো মিছিলের তথ্য আমাদের কাছে নেই।
অন্যদিকে, একটি ভিডিও ফুটেজে লাল টুপি পরিহিত প্রায় শতাধিক যুবককে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে ব্যানার হাতে মিছিল করতে দেখা গেছে।
মিছিলের আয়োজন প্রসঙ্গে যুবলীগের কেন্দ্রীয় নেতা নূরুল আজিম রনি জানান, অবৈধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যা গণতান্ত্রিক ধারার পরিপন্থী। এতে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা, হামলা ও মব সন্ত্রাসের মাধ্যমে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদা পূরণে সরকারের ব্যর্থতার কথাও উল্লেখ করেন তিনি।