চুক্তির শর্তে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ফটো: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হলে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা তিনি বাতিল করতে প্রস্তুত। এ ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তবে এর জন্য ইরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
এর আগে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছিল।
অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটন দায়ী। একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা কোনো আঞ্চলিক দেশ সংঘাতের বাইরে থাকবে না।
পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে আগেই পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পাল্টা জবাবে ইসরায়েল লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল নিজস্ব সামরিক প্রস্তুতিও অব্যাহত রেখেছে।
সূত্র: বিবিসি।