দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
এছাড়া একটি বিশেষ গোষ্ঠী ব্যাংকের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে পছন্দের ব্যক্তিদের অনৈতিক নিয়োগ ও পদোন্নতি দিচ্ছে বলে দাবি করেন তারা।
ফটো: সংগৃহীত
আনোয়ারায় ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল’ (সিইআইজেড)-এর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের ভেন্যুর বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে মূল অনুষ্ঠান চলার সময়ই বাইরে এই বিক্ষোভের ঘটনা ঘটে।
বিক্ষোভে অংশ নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো ধরনের আইনি নিয়ম-নীতি বা আগাম নোটিশ ছাড়াই ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৫ হাজার কর্মীকে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে।
এছাড়া একটি বিশেষ গোষ্ঠী ব্যাংকের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে পছন্দের ব্যক্তিদের অনৈতিক নিয়োগ ও পদোন্নতি দিচ্ছে বলে দাবি করেন তারা।
দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটানো কর্মীরা জানান, সরকারের দুই শীর্ষ মন্ত্রী বড় অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধনে আসায় নিজেদের বঞ্চনার কথা সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দিতেই তারা এই কর্মসূচি বেছে নিয়েছেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং চাকরিচ্যুতদের সসম্মানে দ্রুত পুনর্বহালের জোরালো দাবি জানান।
উচ্চপর্যায়ের ভিআইপি সফর ও এলাকার জননিরাপত্তা বিবেচনায় এনে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বুঝিয়ে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে এলাকার পরিবেশ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আসে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সিইআইজেডের নির্ধারিত সূচি অনুযায়ী মূল উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।