গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশজুড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযোগ করা হয়, হবিগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে দলটির প্রধান দুই শীর্ষ নেতার গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।
ফটো: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক জরুরি চিঠিতে এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়।
চিঠিতে অভিযোগ করা হয়, হবিগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে দলটির প্রধান দুই শীর্ষ নেতার গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের কড়া নির্দেশ প্রদান করা হয়েছে।
ঘোষিত এই প্রতিবাদ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সকল সাংগঠনিক ইউনিটকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার এবং দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে রাজপথে উপস্থিতি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।