গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
বারের বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া ৩০০টি পরিবারকে সম্পূর্ণ নতুন দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের পাকা ঘর তৈরি করে দেবে সংগঠনটি।
ফটো: সংগৃহীত
টানা এক সপ্তাহের অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ জনপদ এখনো পুরোপুরি পানির নিচে তলিয়ে আছে।
মাঝখানে গত শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, আজ রবিবার সকাল থেকে পুনরায় ভারী বর্ষণ শুরু হয়েছে। ফলে বন্যাদুর্গত এলাকার অবর্ণনীয় দুর্ভোগে থাকা সাধারণ মানুষের মধ্যে নতুন করে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা দেখা দিয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বন্যাাকবলিত এই চার উপজেলাতেই অন্তত আট লাখ মানুষ পানিবন্দী হয়ে তীব্র মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। বিশেষ করে সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় পুরো এলাকা গত সাত দিন ধরে টানা বন্যার কবলে রয়েছে।
এমন ভয়াবহ দুর্যোগের মাঝেই গৃহহারা মানুষের জন্য বড় ধরনের পুনর্বাসন প্রকল্পের ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবারের বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া ৩০০টি পরিবারকে সম্পূর্ণ নতুন দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের পাকা ঘর তৈরি করে দেবে সংগঠনটি।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহত্তর চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের প্রস্তুতিও শুরু হয়েছে।
এই মানবিক ও পুনর্বাসন কার্যক্রম সফল করতে শায়খ আহমাদুল্লাহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সামর্থ্যবানদের সংগঠনটির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ কিংবা নগদ নম্বরের মাধ্যমে জরুরি এই ত্রাণ প্রকল্পে আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।