ঝড় তুফান
আরিফ শাওনের কবিতা
ঝড় তুফান | ফটো: প্রিয় আনোয়ারা কোলাজ
আরিফ শাওন
ছোট্ট এই নদীর পাড়ে একটা টিনের ঘর
ঝড় তুফানের সঙ্গে লড়াই আছেই জীবন ভর
সেই লড়াইয়ে আশা শুধু বেঁচে থাকার সংগ্রাম
তাইতো আমি জপি শুধু খোদা তোমার নাম।
চাঁদহীন আলোহীন কোনো এক রাতে
বেড়ে গেলে বাতাস আর নদীর ঐ ঢেউ
দুরুদুরু কাঁপে বুক ওড়ে না ঘর যাতে
কে বাঁচাবে এমন রাতে আছে নাকি কেউ?
তুমি ছাড়া আর কারে পাই! ওগো রহমান
ঝুমঝুম বৃষ্টিতে গর্জে উঠে টিনের চালা
ছন্দতালে গড়ে তোলে কি যে মধুর তান
মোহময় লাগে সবই ভুলে যাই সাদা-কালা
ডুবে গেলে ঘরের তলা বাঁচবে কি জান?
ঝড় এলে ডর লাগে জপি তোমার নাম
তুমি বাঁচানে ওয়ালা তুমি মারানে ওয়ালা
তোমার কাছে মেলে ধরি শত ভুলের ডালা।
মুসাফির আমি যেতে চাই আদিম গ্রামে
যেখানে পাবো দেখা বাগান আর নদী
থাকবে না দুঃখ ক্লেশ ভিঁজবো না ঘামে
দেখবো অদেখা প্রিয় রাসূল মুহাম্মদী।
তাই দরূদের চাষ করি ধরে তাঁর নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
কবি ও গল্পকার