জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার
পুলিশ জানায়, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই সাবেক মেজর মোজাফফর হোসেন দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে দীর্ঘ সময় ধরে আত্মগোপন করেছিলেন।
ফটো: সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই সাবেক মেজর মোজাফফর হোসেন দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে দীর্ঘ সময় ধরে আত্মগোপন করেছিলেন। তবে ডিবির একটি বিশেষ টিম বিশ্বস্ত সোর্সের গোপন তথ্য এবং আধুনিক তথ্যপ্রযুক্তির চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে অবশেষে তাঁর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল গতকাল বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে আকস্মিক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ডিএমপি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর আসল পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই বিষয়টি অবিলম্বে আর্মড ফোর্সেস ডিভিশনকে (সশস্ত্র বাহিনী বিভাগ) অবহিত করা হয়। এরপর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) একটি প্রতিনিধি দলের কাছে মেজর (অব.) মোজাফফর হোসেনকে হস্তান্তর করেছে ডিবি।