কাফকোর পর উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা; কাটল অ্যামোনিয়া সংকট
সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার থেকে উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ফটো: সংগৃহীত
আনোয়ারা উপজেলায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) সচল হওয়ার পর এবার উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।
শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটিতে পুনরায় ডিএপি সার উৎপাদন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।
কারখানা কর্তৃপক্ষ জানায়, গত ১৮ এপ্রিল অ্যামোনিয়া গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ায় ডিএপিএফসিএল কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
পরবর্তীতে গত ২ মে বিকেল থেকে কাফকো পুনরায় উৎপাদনে ফিরলে ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করে। গত কয়েকদিন প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুদ এবং সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার থেকে উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানান, কারিগরি ত্রুটিমুক্ত অবস্থায় কারখানাটি পুরোদমে চালু থাকলে বর্তমানে দৈনিক ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত কাঁচামাল সরবরাহ বজায় থাকলে দেশের অভ্যন্তরীণ সারের চাহিদা মেটাতে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন করে আসছে। দীর্ঘ ২২ দিন পর কারখানাটি সচল হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে।