কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি
এ সময় বাসের যাত্রী রুবি আক্তারের শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে পেঁচিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফটো: সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া মাতবর বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস এবং তার স্ত্রী রুবি আক্তার।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসটিতে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় বাসের যাত্রী রুবি আক্তারের শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে পেঁচিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে সহযোগিতার দায়ে পরে তার স্বামী মোহাম্মদ ইদ্রিসকেও গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান সরবরাহ করে আসছিলেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে এবং তল্লাশি চৌকিগুলো সহজে পার হতে তারা এক অভিনব কৌশল বেছে নিয়েছিলেন। তারা প্রায়ই মাদক পাচারের সময় নিজেদের আট মাস বয়সী নিষ্পাপ সন্তানকে সঙ্গে রাখতেন, যাতে কেউ তাদের সন্দেহ না করে।
ডিএনসি কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই মাদক পাচার চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।