কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, বোটসহ আটক ২
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহল চলাকালে ২ হাজার লিটার চোরাই ডিজেল এবং তেল বহনের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
ফটো: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহল চলাকালে ২ হাজার লিটার চোরাই ডিজেল এবং তেল বহনের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সম্মুখবর্তী নদী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বোটের মাঝি নূর আক্তার এবং ডাঙ্গারচর এলাকার বদী মেম্বারের বাড়ির ফয়সাল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) চয়ন কুমার দাশ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নদীতে নিয়মিত টহল ডিউটি করছিলেন। টহল চলাকালীন ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। পরে নৌকাটি আটকে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্টিলের ড্রাম ভর্তি মোট ২ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌকায় থাকা ব্যক্তিরা উক্ত ডিজেল ও তেল পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র বা নথিপত্র দেখাতে ব্যর্থ হন। চোরাই তেল পাচারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসআই চয়ন কুমার দাশ ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে তেল ভর্তি ড্রাম ও কাঠের বোটটি জব্দ করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাই ডিজেল উদ্ধারের ঘটনায় আটককৃত যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।