কর্ণফুলীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সভায় সামাজিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো মাদক ও উদীয়মান কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।
ফটো: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত এই গুরুত্ববহ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। সভায় উপজেলার অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার করা, যানজট নিরসন এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় সামাজিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো মাদক ও উদীয়মান কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। এসব অপতৎপরতা রুখতে কেবল প্রশাসনিক অভিযানই যথেষ্ট নয় উল্লেখ করে প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এলাকায় চুরি ও ডাকাতিসহ সব ধরণের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশ দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা কেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সালমা ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা। এছাড়া চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।