কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর
মোহাম্মদ আজিম আলী বলেন, গাছ আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন জোগায়, পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের নানা বিপর্যয় থেকে রক্ষা করে।
ফটো: তথ্যসূত্রঃ দৈনিক নয়া দিগন্ত
কর্ণফুলীতে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার খোয়াজনগর আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ১৮টি সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় সাড়ে ১৭ শত গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
দুরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সভাপতি লায়ন রমজান আলী রমুর পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুব বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল-মামুন, আবদুল্লাহ আল-জুনায়েদ, আবদুল্লাহ আল-ফরহাদ, আবদুল্লাহ আল-মুরাদ, জি এম আব্দুর রহিম এবং আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনজুর আলমসহ এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আজিম আলী বলেন, গাছ আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন জোগায়, পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের নানা বিপর্যয় থেকে রক্ষা করে। তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বৃক্ষরোপণকে ‘সদকায়ে জারিয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে কেবল চারা রোপণ নয়, বরং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি।