কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার
দীর্ঘদিন ধরে সালাউদ্দিন একটি বনখেকো চক্রের নেতৃত্ব দিয়ে কেইপিজেড ও আশপাশের এলাকায় বনভূমি দখল এবং গাছ কাটাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
ফটো: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেইপিজেড (কর্ণফুলী ইপিজেড) এলাকায় বনখেকো চক্রের অন্যতম প্রধান ও সন্ত্রাসবিরোধী আইনসহ পাঁচটি মামলার আসামি মো. সালাউদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন উপজেলার শাহমীরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজ্জাকপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজিম উদ্দিন এবং কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই মাহিন সরওয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কেইপিজেড এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইন, চুরি, হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর, অনধিকার প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সালাউদ্দিন একটি বনখেকো চক্রের নেতৃত্ব দিয়ে কেইপিজেড ও আশপাশের এলাকায় বনভূমি দখল এবং গাছ কাটাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।