কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি
প্রায় দেড় মিনিটের ওই ভিডিওটি ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ফটো: প্রিয় আনোয়ারা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বানাজা ভূইয়া নিশির নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকে প্রায় দেড় মিনিটের ওই ভিডিওটি ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাইবার টিম’ এর ব্যানারে অনুষ্ঠিত ওই মিছিলে নিশির নেতৃত্বে ৯-১০ জন নারী অংশগ্রহণ করছেন।
মিছিলের স্লোগানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসির দাবি জানান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি অনেক আগের বলে ধারণা করা হচ্ছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে।’
তিনি আরও জানান, বানাজা ভূইয়া নিশির বিরুদ্ধে থানায় আগে থেকেই বিভিন্ন মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পলাতক আওয়ামী লীগ নেতাদের এমন ঝটিকা মিছিলের ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।