লাইটারকে আসল রিভলবার বানিয়ে বেচতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ যুবক!
পুলিশ জানতে পারে, এটি কোনো আসল অস্ত্র নয়, বরং আগ্নেয়াস্ত্র হিসেবে দেখিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
এটি আসলে একটি লাইটার! | ফটো: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আসল আগ্নেয়াস্ত্র দাবি করে রিভলবার আকৃতির একটি লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার চরলক্ষ্যা এলাকার আকিব হোসেন (১৮), শহিদুল ইসলাম (২০), ইকরাম হোসেন (১৯) ও রুবেল হোসেন হৃদয় (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফরিদ এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানকালে ওই চার যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে রিভলবার আকৃতির একটি লাইটার উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পারে, এটি কোনো আসল অস্ত্র নয়, বরং আগ্নেয়াস্ত্র হিসেবে দেখিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটি ধাতব নির্মিত একটি শৌখিন লাইটার, যা দেখতে অবিকল আসল রিভলবার পিস্তলের মতো। চীনের তৈরি এই লাইটারটি বিউটেন গ্যাস দিয়ে পুনরায় ব্যবহারযোগ্য। বা
জারে এবং দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘কোল্ট পাইথন ৩৫৭ ম্যাগনাম’ পিস্তলের আদলে তৈরি এমন রেপ্লিকা বা শৌখিন লাইটার সহজেই কিনতে পাওয়া যায়, যা অপব্যবহার করে এই চক্রটি প্রতারণার ফাঁদ পেতেছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইটার দিয়ে অস্ত্র বিক্রির নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।