লিটনকে প্রথম টেস্টে খেলানোর পক্ষে সালাউদ্দিন
লিটনের খেলার সম্ভাবনা নিয়ে সালাউদ্দিন বলেন, টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের মতো অতটা উচ্চমাত্রার শারীরিক চাপ থাকে না।
লিটন কুমার দাস | ফটো: সংগৃহীত
চোট কাটিয়ে দ্রুত সুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (২ আগস্ট) ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়ার কথা রয়েছে তার। আর অভিজ্ঞ এই ক্রিকেটারকে প্রথম টেস্টের একাদশে দেখতে চান বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
লিটনের খেলার সম্ভাবনা নিয়ে সালাউদ্দিন বলেন, টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের মতো অতটা উচ্চমাত্রার শারীরিক চাপ থাকে না। ব্যাটিংয়ের সময় খুব বেশি দৌড়ানোর প্রয়োজন হয় না, আবার উইকেটকিপার হিসেবেও সব সময় দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে নাও হতে পারে। তাই ব্যাটিং ও দৌড়ানোর ক্ষেত্রে যদি তিনি স্বাভাবিক অবস্থায় থাকেন, তাহলে অভিজ্ঞ একজন ক্রিকেটারকে খেলানোই যুক্তিযুক্ত হবে বলে মনে করেন তিনি।
লিটনের প্রস্তুতি প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, তিনি এখনও অনুশীলনে তাকে দেখেননি। তবে অভিজ্ঞতা এমন একটি বিষয়, যা কখনো হারিয়ে যায় না। আগে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারলে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন লিটন। গত প্রায় ৪৫ দিন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। তাই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে সেটি তার জন্য অনেক বেশি উপকারী হবে বলে মত দেন কোচ। তার মতে, প্রস্তুতি ম্যাচ ছাড়া সরাসরি টেস্টে নামা কিছুটা কঠিন হতে পারে।
অন্যদিকে মিডল অর্ডার ব্যাটার জাকের আলিকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, জাকের বর্তমানে কিছুটা চাপের মধ্যে থাকলেও একজন লড়াকু ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করার সামর্থ্য রাখেন। কঠিন পরিস্থিতিতে দলের প্রয়োজনীয় ভূমিকাও তিনি ভালোভাবে বোঝেন।
সালাউদ্দিনের মতে, চার বা পাঁচ উইকেট দ্রুত হারিয়ে গেলে ইনিংস সামলাতে পারে এমন ব্যাটারের প্রয়োজন হয়। জাকের সেই দায়িত্ব পালনের সক্ষমতা রাখেন এবং এই সিরিজে ভালো করার যথেষ্ট সুযোগও রয়েছে।