মাদরাসাছাত্রীকে ধর্ষণঃ ফাঁসির দাবিতে উত্তাল আনোয়ারা, শিক্ষার্থী-জনতার মানববন্ধন
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ধর্ষকদের ফাঁসির দাবীতে উত্তাল আনোয়ারা | ফটো: সংগৃহিত
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসার সামনের সড়কে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। 
এদিন সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে নেমে আসে। ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন নির্যাতিত কেন? প্রশাসন জবাব দাও’ এমন সব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে বক্তারা বলেন, ইবতেদায়ী তৃতীয় শ্রেণির এক অবুঝ শিশু বেড়াতে যাওয়ার পথে যে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার ৮ দিন পার হলেও মূল আসামিরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে, তা নিয়ে বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। 
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত না হওয়ায় এলাকায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে বলে তারা উল্লেখ করেন। এই ন্যাক্কারজনক ঘটনায় পুরো রায়পুর ইউনিয়নে বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে। 
মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তিনি বলেন, “আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।”