নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘হলিউডি কল্পকাহিনি’ বলল আহমাদিনেজাদের কার্যালয়
অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
ফটো: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে ওঠা এসব দাবিকে ‘হলিউডি কল্পকাহিনি’ ও ‘হাস্যকর চিত্রনাট্য’ বলে মন্তব্য করেছে তাঁর কার্যালয়।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি বিশেষ প্রতিবেদনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আহমাদিনেজাদের গোপন যোগাযোগ রয়েছে এবং বর্তমানে তিনি ইরানে গৃহবন্দি অবস্থায় আছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মোসাদ প্রধানের সঙ্গে আহমাদিনেজাদের একটি গোপন সাক্ষাৎ হয়েছিল। এমনকি তেহরানে ইসরায়েলি সামরিক হামলার সময় মোসাদ এজেন্টদের সহায়তায় তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং ইরানে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাঁর নাম বিবেচনা করছিল বলেও দাবি করা হয়।
মাহমুদ আহমাদিনেজাদের কার্যালয় আজ মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এই প্রতিবেদনের যাবতীয় তথ্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে কোনো কুচক্রী মহলের হয়ে এমন ‘ভুয়া খবর’ প্রকাশ করা হয়েছে।
একই সাথে আহমাদিনেজাদ গৃহবন্দি থাকার দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তাঁর দফতর থেকে জানানো হয়, তিনি বর্তমানে পুরোপুরি স্বাধীনভাবে তাঁর স্বাভাবিক সব কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদ আহমাদিনেজাদ ছিলেন ইসরায়েলের অন্যতম কঠোর ও কট্টর সমালোচক। তাঁর শাসনামলে ইসরায়েলবিরোধী নানা ঝাঁঝালো বক্তব্যের কারণে তিনি বিশ্বজুড়ে আলোচিত ছিলেন। ফলে মোসাদের মতো শত্রু ভাবাপন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর গোপন সম্পর্কের এমন চাঞ্চল্যকর দাবি মধ্যপ্রাচ্য ও ইরানপন্থী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।