ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত
ফটো: সংগৃহীত
আনোয়ারাসহ চট্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির মধ্যে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে সাপের উপদ্রব।
বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সাপে কাটার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এখন পর্যন্ত অন্তত ৭৫ জন আহত হয়েছেন, তবে স্বস্তির বিষয় হলো এ ঘটনায় এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রবিবার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সাপের উপদ্রব ও মানুষের আক্রান্ত হওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
একই সাথে আক্রান্তদের জরুরি চিকিৎসায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসার সুব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত এলাকায় সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এই দলগুলো দুর্গত এলাকায় গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জীবনরক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে।
এছাড়া ঝুঁকিতে থাকা অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের জরুরি ভিত্তিতে দ্রুত নৌকাযোগে হাসপাতালে স্থানান্তরের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, উদ্ভূত বন্যা পরিস্থিতিতে সাপের কামড় থেকে বাঁচতে দুর্গত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে রাতের বেলা চলাফেরার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা এবং যেকোনো পানিতে নামার আগে লাঠি দিয়ে চারপাশ ভালো করে পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
একই সাথে কোনো ব্যক্তি সাপের কামড়ের শিকার হলে ওঝার কাছে ঝাড়ফুঁক করানো বা অন্য কোনো কুসংস্কারের পেছনে সময় নষ্ট না করার আহ্বান জানানো হয়েছে।
যেকোনো রোগীকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।