বাঁশখালীতে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে ডিআইজি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সমন্বিত প্রস্তুতি শুরু করেছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিভিন্ন সংস্থা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করছে।
ফটো: সংগৃহীত
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সামনে রেখে সফরস্থলের প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এবং বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন হেলিপ্যাড এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভেন্যুর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সমন্বিত প্রস্তুতি শুরু করেছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিভিন্ন সংস্থা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করছে।
পরিদর্শনের সময় উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।